আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া এই জয় শুধু আফগানদের বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, বড় ধাক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের আশাতেও। আর সেই সমীকরণেই বাংলাদেশের বিশ্বকাপ-যাত্রা এখন অনেকটাই নিরাপদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্রের দাবি, বর্তমান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে ২০২৭ বিশ্বকাপে ‘অনানুষ্ঠানিকভাবে যোগ্যতা’ অর্জন করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে অবশ্য অপেক্ষা করতে হবে ৩০ সেপ্টেম্বরের কাট-অফ ডেট পর্যন্ত।
২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। এর বাইরে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। তবে বর্তমান র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা তিন নম্বরে থাকায় হিসাবটা বাংলাদেশের জন্য আরও স্বস্তির। স্বাগতিকদের বাদ দিয়ে র্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এই মুহূর্তে বাংলাদেশ ৮৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে। তাদের ওপরে আফগানিস্তান ৯০ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে। আর ৭৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সঙ্গে ক্যারিবীয়দের ব্যবধান ছয় পয়েন্ট।
সমীকরণটা বাংলাদেশের পক্ষে আরও সহজ হয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজের হাতে থাকা ম্যাচের সংখ্যা কমে যাওয়ায়। কাট-অফ ডেটের আগে তাদের আরও দুটি ওয়ানডে রয়েছে ভারতের বিপক্ষে। নিয়ম অনুযায়ী ওই দুই ম্যাচ থেকে সর্বোচ্চ চার পয়েন্ট অর্জন করতে পারবে তারা। অর্থাৎ সবকিছু হিসাব করলেও বাংলাদেশের বর্তমান অবস্থান টপকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য আর সম্ভব নয় বলেই বিসিবির কর্মকর্তাদের ধারণা।
বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধান ৬ পয়েন্টের। সূচি অনুযায়ী, কাট-অফ ডেটের আগে ওয়েস্ট ইন্ডিজের দুটি ম্যাচ আছে এবং আমাদের (ভারতের বিপক্ষে) তিন ওয়ানডে আছে। ওই দুই ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ চার পয়েন্ট পেতে পারে। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা পার পেয়ে গেছি।’
তবে বাংলাদেশের সামনে একটি অনিশ্চয়তা রয়ে গেছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। কিন্তু সিরিজটি আদৌ মাঠে গড়াবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। বিসিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সিরিজ আয়োজনের ইচ্ছা থাকলেও এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ভারতের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হলে বাংলাদেশকে কিছু রেটিং পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। কারণ ভারত বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তবে সেই সিরিজের ফল যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে যাওয়ার আশঙ্কা বাংলাদেশের নেই বলেই বর্তমান হিসাব ইঙ্গিত করছে।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় ওয়েস্ট ইন্ডিজের শেষ আশাটুকুও প্রায় শেষ করে দিয়েছে। আয়ারল্যান্ড যদি সিরিজটি ৪-১ বা ৫-০ ব্যবধানে জিততে পারত, তাহলে ভারতের বিপক্ষে অন্তত দুটি জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা নয় দলের মধ্যে ঢোকার সুযোগ থাকত। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের জয় সেই পথ প্রায় বন্ধ করে দিয়েছে।
২০২৭ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তির অবস্থানে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আবারও অপেক্ষা করছে বাছাইপর্বের কঠিন পরীক্ষা।



