শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হল। এশিয়া কাপ ক্রিকেটে দেখা যাচ্ছে না তামিম ইকবালকে। তার জায়গায় ডাক পাচ্ছেন ইমরুল কায়েস। এই ব্যাপারটি চুড়ান্ত হলেও বিসিবি এখনো মিডিয়াকে জানায়নি।
এইতো আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ। টানা তৃতীয়বারের মতো আয়োজক হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য অবশ্য এখনো দল ঘোষণা হয়নি। তবে শিগগিরই দল চূড়ান্ত করবে বিসিবি।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে এখন দুবাই আছেন তামিম ইকবাল। সেখান থেকে দেশে ফিরে যাবেন ব্যাংকক। সেখানেই জন্ম নেবে তার প্রথম সন্তান। এই সময়টাতে তিনি পাশে থাকতে চান স্ত্রীর। তাইতো বোর্ডের কাছে আগাম ছুটি চেয়ে রেখেছেন। জানা গেছে বোর্ড থেকেও সবুজ সংকেত পেয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান।
ইমরুল বাংলাদেশের বিশ্বকাপ টি-টুয়েন্টি দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন।



