বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর ঠিক আগের দিনেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা গেল চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে। আর্থিক সংকটের কথা জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা আর এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ধরে রাখতে আগ্রহী নন।
মালিকপক্ষের এই চিঠির পরপরই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এর আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিসিবিকে দলটির সামগ্রিক দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। পরে বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনার পর চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার বিষয়ে বিসিবি সম্মত হয়। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম রয়্যালসের সব ধরনের ব্যবস্থাপনা এখন বিসিবির তত্ত্বাবধানে থাকবে। জানা গেছে, স্কোয়াডে নতুন করে বিদেশি ক্রিকেটার যুক্ত করার প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড। মালিকানা পরিবর্তনের এই সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্য কিছুটা স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে। কারণ এর আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ নানা কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে ছিল।
আগামীকাল ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশার মাঝেই এমন অপ্রত্যাশিত সংকটে পড়েছে বিসিবি। এর আগে নিলামে বড় চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস, যা দলটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
বিপিএলের উদ্বোধনী দিনেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচের আগে এখনো দলটির সব সরঞ্জাম বুঝে পাওয়া হয়নি বলে জানা গেছে। প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প কবে বাংলাদেশে আসবেন, সেটিও নিশ্চিত নয়।
এর আগে দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন। তারা হলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা। জানা গেছে, পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণেই তারা বিপিএলে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো অর্থ পরিশোধ করেনি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন এর আগে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সব পাওনা পরিশোধ করা হয়েছে কি না, এমন প্রশ্ন উঠলে বিসিবি জানিয়েছিল, চট্টগ্রাম রয়্যালস শর্ত পূরণ করেছে। বাস্তব চিত্র ভিন্ন হওয়ায় শেষ পর্যন্ত মালিকানাই ছাড়তে হলো ফ্র্যাঞ্চাইজিটিকে।










Discussion about this post