নারী দলের ব্যর্থতার পর প্রধান কোচ সারোয়ার ইমরানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে কোচের পাশে দাঁড়িয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কয়েকজন।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে নারী দলের ব্যর্থতার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সারোয়ার ইমরান। দলের ব্যর্থতার জন্য মাঠের বাইরের আলোচনা-সমালোচনাকেও দায়ী করেছিলেন তিনি। তার সেই বক্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। বেফাঁস মন্তব্যের অভিযোগে তাকে শোকজ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।
এর পাশাপাশি নারী দলের কোচের আচরণ নিয়েও বিভিন্ন অভিযোগ ওঠার কথা জানা গেছে। সব মিলিয়ে শোকজের চিঠি পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই সারোয়ার ইমরানের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার এবং আরাফাত সানি জুনিয়র।
সারোয়ার ইমরানের পাশে দাঁড়িয়ে নিজের বক্তব্য দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার। তিনি লিখেছেন, ‘সারোয়ার ইমরান স্যার শুধু একজন কোচ নন, তিনি ক্রিকেটারদের ভালো-মন্দ নিয়ে চিন্তা করা একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড়দের উন্নতি, দেশের ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করে আসছেন। একজন মানুষ হিসেবে যেভাবে আমি ইমরান স্যারকে দেখেছি ও জেনেছি, তার প্রতি আমার শ্রদ্ধা ও আস্থা রয়েছে। ইমরান স্যার, আপনার জন্য সম্মান ও শুভকামনা রইল। দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য আপনার অবদান যেন সবসময় সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজিন সালেহ সারোয়ার ইমরানের কোচিং ক্যারিয়ার ও অবদানের কথা তুলে ধরে লিখেছেন, ‘দেখুন, একজন সারোয়ার ইমরান হওয়া এত সোজা নয়। উনার হাত ধরে বাংলাদেশের বড় বড় পেসাররা তৈরি হয়েছিল। আমার জানা মতে, উনি একজন সৎ মানুষ এবং তার কাজে একান্ত নিষ্ঠাবান। হয়ত উনার কোচিং অনেকের ভালো লাগবে না কিন্তু উনার ‘ব্যবহার খারাপ’ এই অপবাদে উনাকে এভাবে অপমানিত করা উচিৎ নয়। উনাকে যদি বোর্ড না নিতে চায় তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমে উনাকে নিবেন না। কিন্তু এরকম অপমানিত-অপদস্থ করে একজন সৎ, নিষ্ঠাবান, লিজেন্ডারি কোচকে সরানোটা দুঃখজনক হবে। আমি বোর্ডের কাছে আশা করব, স্যারের সাথে সুন্দর করে আলোচনার মাধ্যমে সম্মানের সহিত সরিয়ে দেবেন।’
এদিকে আরাফাত সানি জুনিয়র একটি ফটোকার্ড পোস্ট করে সারোয়ার ইমরানের অবদানের কথা তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘যে জাতি গুণীজনদের সম্মান করতে জানে না, সে জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি কোচ সারোয়ার ইমরান স্যারের অবদান এদেশের ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রতিভা আবিষ্কার থেকে শুরু করে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের অভিষেক পথচলা- সবখানেই রয়েছে উনার অক্লান্ত পরিশ্রম ও নিপুণ দিকনির্দেশনা।’
সারোয়ার ইমরানের বিরুদ্ধে বিসিবির শোকজের সিদ্ধান্তের পর ক্রিকেটাঙ্গনে তার পক্ষে সাবেক-বর্তমান ক্রিকেটারদের এমন প্রকাশ্য অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন শোকজের জবাবে সারোয়ার ইমরান কী ব্যাখ্যা দেন এবং বিসিবি পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই থাকবে নজর।



