বাংলাদেশের ক্রিকেটে নতুন পেসার ও স্পিনারের সন্ধানে আবারও মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ আট বছর পর ফিরছে ‘রবি বোলার হান্ট’। এবারের আয়োজনের বিশেষত্ব হলো, ছেলে ও মেয়ে-দুই বিভাগেই ১৬ থেকে ২৫ বছর বয়সী পেসার ও স্পিনাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় বোলার খুঁজে বের করাই এই ট্যালেন্ট হান্টের মূল উদ্দেশ্য। আঞ্চলিক ট্রায়ালের মাধ্যমে প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত ক্রিকেটারদের ঢাকায় চূড়ান্ত সিলেকশন রাউন্ডে ডাকা হবে। সেখান থেকে বাছাই হওয়া ক্রিকেটাররা বিসিবির প্লেয়ার ডেভেলপমেন্ট ও গ্রুমিং প্রোগ্রামে কাজ করার সুযোগ পাবেন।
সিলেট থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মোট নয়টি আঞ্চলিক ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রথম ট্রায়াল ২৭ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৯ সেপ্টেম্বর বরিশাল, ১ অক্টোবর খুলনা, ৪ অক্টোবর রাজশাহী, ৬ অক্টোবর রংপুর, ৮ অক্টোবর ময়মনসিংহ, ১০ অক্টোবর ঢাকা উত্তর ও গাজীপুর, ১২ অক্টোবর ঢাকা দক্ষিণ ও মিরপুর এবং ১৫ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ট্রায়াল।
আঞ্চলিক বাছাই শেষে আগামী ২২ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল সিলেকশন রাউন্ড। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে ‘মিট দ্যা ফিউচার স্টার্স’ আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বোলার হান্টের কার্যক্রম।
এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের বয়স হতে হবে ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। পেসার ও স্পিনার-দুই ধরনের বোলারই নিবন্ধনের সুযোগ পাবেন। My Robi ও My Cirkle অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। সংশ্লিষ্ট অঞ্চলের ট্রায়ালের আগের দিন পর্যন্ত নিবন্ধন করার সুযোগ থাকবে।
বাংলাদেশের ক্রিকেটে এমন প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সাফল্যের উদাহরণও রয়েছে। ২০১৬ সালের রবি পেসার হান্ট থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন ইবাদত হোসেন চৌধুরী। পরের বছর স্পিন বোলিং হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। এবারও তাদের মতো জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার খুঁজে পাওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই কার্যক্রম।
বাছাই প্রক্রিয়ায় অভিজ্ঞ কোচ ও সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ত করা হয়েছে। বিচারক প্যানেলে রয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন, মুশতাক আহমেদ, কোরি কলিমোর ও সোহেল ইসলাম। আঞ্চলিক ট্রায়ালসহ পরবর্তী ধাপগুলোতে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদেরও যুক্ত করা হবে।



