অস্ট্রেলিয়া সফরের আগেই চোট যেন বাংলাদেশ দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। দলের চার পেসার ও এক ব্যাটার বর্তমানে ইনজুরিতে ভুগছেন। চোটের কারণে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস অস্ট্রেলিয়াগামী দলের সঙ্গে যেতে পারেননি। এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে তরুণ পেসার নাহিদ রানার শারীরিক অবস্থা।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সাইড স্ট্রেইনের চোটের কারণেই অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে নাহিদকে। তবে জানা গেছে, মূল কারণ সেটি নয়। বিসিবি তাকে পাঠিয়েছে দীর্ঘদিনের একটি সমস্যার উন্নত চিকিৎসার জন্য। নাহিদের দুই পায়েই রয়েছে ক্রনিক শিনবোন সমস্যা, যার কারণে টিবিয়া বা শিনবোনের ভেতরের অংশে নিয়মিত ব্যথা অনুভব করেন তিনি।
এটি নতুন কোনো সমস্যা নয়, বরং দীর্ঘদিন ধরেই এই চোট নিয়ে খেলছেন বাংলাদেশের এই গতিতারকা। তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিবর্তে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের জন্য গত মঙ্গলবার তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে।
অস্ট্রেলিয়ায় পৌঁছে নাহিদ বর্তমানে স্ক্যান করানোর অপেক্ষায় রয়েছেন। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে। ফলে মাঠে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে, সেটিও তখনই পরিষ্কার হবে।
বাংলাদেশ দলের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কারণ সাম্প্রতিক সময়ে পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন নাহিদ। তার সঙ্গে শরিফুল ইসলাম ও অন্য কয়েকজন ক্রিকেটারের ইনজুরি অস্ট্রেলিয়া সফরের আগে দলীয় প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে এসেছে। এখন বিসিবির নজর থাকবে দ্রুত তাঁদের সুস্থ করে মাঠে ফেরানোর দিকেই।









Discussion about this post