লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মেহেদী হাসান মিরাজের গল গ্যালান্টসকে ৬ উইকেটে হারিয়েছে ডাম্বুলা সিক্সার্স। ব্যাট হাতে ছোট একটি কার্যকর ইনিংস খেললেও বল হাতে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ডাম্বুলার রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গল গ্যালান্টসকে ব্যাটিংয়ে পাঠায় ডাম্বুলা সিক্সার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে গল। দলের হয়ে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন চামিকা করুণারত্নে। স্যাম হার্পার ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২০ রান করেন। মেহেদী হাসান মিরাজ ১৩ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন।
ডাম্বুলার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফজলহক ফারুকী। এই বাঁহাতি পেসার ৩টি উইকেট তুলে নিয়ে গলের বড় সংগ্রহের পথ কঠিন করে দেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে ডাম্বুলা। দলের জয়ের ভিত গড়ে দেন রেজা হেনড্রিক্স। ৩৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে একটি ফিফটি পূর্ণ করেন তিনি। এছাড়া পাভান রাথনায়েকে ১১ বলে ২৯, মারকাস আকারম্যান ২৫ বলে ৩৫ এবং শেষ দিকে গুলবাদিন নাইব মাত্র ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ২৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ডাম্বুলা সিক্সার্স।
গল গ্যালান্টসের হয়ে মেহেদী হাসান মিরাজ ২ ওভারে ২১ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। দলের হয়ে একটি করে উইকেট শিকার করেন দাসুন শানাকা, মোহাম্মদ নওয়াজ, ইশান মালিঙ্গা ও চামিকা করুণারত্নে।



