বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
জিম্বাবুয়ে সফরের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর ছিল না। প্রথমে টেস্ট সিরিজে পরাজয়ের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করে সফরকারীরা।
এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরে চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় তাওহীদ হৃদয়ের দল। ফলে শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে।
এমন পরিস্থিতিতে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে দলের লক্ষ্য স্পষ্ট করে জানিয়ে দিলেন ব্যাটার ইয়াসির আলি রাব্বি। বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে নিজের সেরাটা দেওয়ার। টিমের বন্ডিং, স্পিরিট মাথায় নিয়েই সবাই নেমেছিল- আমরা বাংলাদেশের জন্য খেলব, বাংলাদেশকে জেতাব। বেশিরভাগ ছেলের মাথায় ঐ জিনিসই ছিল।’
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় নিজের চার ওভার সম্পূর্ণ করতে পারেননি পেসার নাহিদ রানা। তার পরিবর্তে একাদশে সুযোগ পাচ্ছেন আব্দুল গাফফার সাকলাইন। এ ছাড়া আগের ম্যাচে খেলা বাকি ক্রিকেটারদেরই একাদশে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, বিকাল ৪টা ৩০ মিনিট
টি স্পোর্টস, নাগরিক টিভি



