দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার সূচনা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরি করার লক্ষ্য নিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসসহ বিভিন্ন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার সাঁতার, কাবাডি ও ক্রিকেট ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন মিলিয়ে মোট ছয়টি ভেন্যুতে।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য মাঠের লড়াই শুরু হয়েছে ক্রিকেট ইভেন্ট দিয়ে। মিরপুরে অনুষ্ঠিত বালকদের বিভাগের ম্যাচে বৃষ্টির কারণে খেলা না হওয়ায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। এতে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর অঞ্চল। দিনের অন্য ম্যাচে খুলনাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।
বালিকাদের বিভাগেও বৃষ্টির কারণে টসের মাধ্যমেই ফল নির্ধারণ করা হয়। সেখানে রংপুর অঞ্চলকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিলেট অঞ্চল।









Discussion about this post