বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরলেও সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার আনরিখ নর্কিয়ার। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে ৩২ বছর বয়সী এই পেসারকে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ছয়জন পেসার নিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই তালিকায় ছিলেন নর্কিয়াও। তবে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে গেবারায় সিরিজের দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান তিনি। চোটের কারণে কেপ টাউনে সিরিজের শেষ টেস্টেও খেলতে পারেননি এই গতি তারকা।
চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন নর্কিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনেও ফিরেছেন তিনি। তবে প্রথম টেস্টে তাকে খেলানোর বিষয়ে সতর্ক অবস্থানে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তার মতে, নর্কিয়াকে প্রথম টেস্টে খেলানো কিছুটা তাড়াহুড়ো হয়ে যেতে পারে।
এ প্রসঙ্গে কনরাড বলেন, সেন্ট জর্জেস পার্কে টেস্ট চলাকালেই নর্কিয়ার স্ক্যান করানো হয়েছিল। সেখানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। শুরুতে যে ধরনের আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। চিকিৎসকদের দিক থেকেও তাঁর খেলতে কোনো বাধা নেই। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন এবং ধীরে ধীরে কাজের চাপ বাড়াচ্ছেন। তবে দ্বিতীয় টেস্টের আগেই পুরোপুরি খেলার উপযোগী হয়ে ওঠার কথা তার।
নর্কিয়া প্রথম টেস্টে না খেললে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে থাকবেন পাঁচজন। তারা হলেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন। তবে প্রথম টেস্টে স্পিনার ছাড়া বোলিং আক্রমণ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোচ কনরাড।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশন নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টনি ডি জর্জি নাকি জুবায়ের হামজা-এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবছেন কোচ।
আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।



