একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগ ও আবুধাবি টি-১০-এর পর এবার নতুন টুর্নামেন্টে নাম লেখালেন তিনি। ৯০ বলের ফরম্যাটের টুর্নামেন্ট সুপার নাইনটির চতুর্থ আসরে খেলবেন সাকিব। তাকে আগেভাগেই দলে ভিড়িয়েছে লন্ডন জায়ান্টস।
সুপার নাইনটিতে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানায়, লন্ডন জায়ান্টসে যোগ দিচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। টুর্নামেন্টের চতুর্থ আসরের আগে সাকিবকে প্রি-সাইনিং করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই পোস্টে লন্ডন জায়ান্টসের শক্ত অবস্থান জানান দেওয়ার প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর শুরু হবে সুপার নাইনটির চতুর্থ আসর। ১২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। ছয়টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে এবারের আসরে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কেনিয়ার রাজধানী নাইরোবির জিমখানা স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজন করা হবে।
সম্প্রতি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত দেখা যাচ্ছে সাকিবকে। চলমান নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। একই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেপাল প্রিমিয়ার লিগের পর আবুধাবি টি-১০ লিগেও নাম লিখিয়েছেন সাকিব। সেখানে ইউনাইটেড টাইগার্সের হয়ে খেলছেন তিনি। গত ৭ নভেম্বর শুরু হওয়া আবুধাবি টি-১০ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই নতুন মিশনে সুপার নাইনটিতে দেখা যেতে পারে বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।



