আবুধাবি টেস্টের তৃতীয় দিনের সকালটা যেন নিজের করে নিলেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে একের পর এক উইকেট তুলে নিয়ে শুধু বাংলাদেশের বোলিং আক্রমণকেই উজ্জ্বল করেননি, গড়েছেন দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক কীর্তি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন এই ডানহাতি পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে মুহূর্তেই বদলে গেছে ম্যাচের চিত্র, মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১৭ রান নিয়ে স্বস্তিতে ছিল আফগানিস্তান। আজ তৃতীয় দিনের শুরুতে তাদের লক্ষ্য ছিল ইনিংসকে আরও বড় করা। কিন্তু হাসানের সামনে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এরপর বাংলাদেশের বোলারদের তোপে আরও একটি উইকেট হারায় আফগানরা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১২৫ রানে পিছিয়ে রয়েছে দলটি।
হাসানের হ্যাটট্রিকের শুরু ইসমত আলমকে দিয়ে। ওভারের তৃতীয় বলে ব্যাক অব আ লেংথ থেকে ভেতরে ঢোকা বলের জবাব দিতে পারেননি ইসমত। তার ব্যাটের পরাস্ত হওয়ার আগেই বল আঘাত করে স্টাম্পে। পরের বলেই কায়েস আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন হাসান। এবার অবশ্য কৃতিত্ব ভাগ করে নিতে হবে উইকেটকিপার লিটন দাসকেও। ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যাওয়া বল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে তালুবন্দী করেন তিনি।
হ্যাটট্রিকের জন্য তখন প্রয়োজন আর একটি উইকেট। ওভারের পঞ্চম বলে জিয়া-উর-রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। বল প্যাডে আঘাত করলেও শুরুতে আম্পায়ার আউট দেননি। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত অফ স্টাম্পের ওপরের অংশে। বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত, আর ইতিহাসের পাতায় নাম উঠে যায় হাসানের।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে বিরল কীর্তি গড়লেন হাসান। এর আগে দেশের হয়ে এই সংস্করণে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন অলক। এক দশক পর, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েন সোহাগ গাজী। তবে তাদের দুজনেরই অস্ত্র ছিল স্পিন। এবার প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করে তাদের পাশে বসলেন হাসান।



