বিশ্ব ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় আসা বাংলাদেশের পেসার নাহিদ রানা দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ–টোয়েন্টির নিলামে দল পাননি। টুর্নামেন্টটির পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এই পেসার। নিলামের আগে ধারণা করা হয়েছিল, নাহিদকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে শেষ পর্যন্ত অবিক্রীতই থাকতে হয়েছে তাকে।
এসএ–টোয়েন্টির নিলামের জন্য ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ছিলেন ৯৫ জন এবং বিদেশি ক্রিকেটার ৬১ জন। বিদেশি ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি।
নাহিদ রানার জন্য এটি ছিল দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বড় একটি সম্ভাবনা। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয় তার। ফলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলার পথে নাহিদের সামনে এনওসি-সংক্রান্ত বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে নাহিদ দল না পেলেও এসএ–টোয়েন্টির পরবর্তী আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে রিশাদ হোসেনের সামনে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ–টোয়েন্টিতে খেলার ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন রিশাদ। অবশ্য মাঠে নামতে হলে তাকে বিসিবির অনাপত্তিপত্র পেতে হবে।
রিশাদের জন্য দলটিও বেশ শক্তিশালী। সানরাইজার্স ইস্টার্ন কেপে তার সতীর্থ হিসেবে থাকবেন কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, এনরিখ নরকিয়া ও অ্যাডাম মিলনের মতো আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ। সরাসরি চুক্তিতে রিশাদের সঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি তারকা মিচেল মার্শকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকে।
সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে রিশাদের যুক্ত হওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও বিশেষ তাৎপর্যের। এসএ-টোয়েন্টির আগের চার আসরের তিনটিতেই শিরোপা জিতেছে দলটি। ফলে এমন একটি সফল ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়া রিশাদের জন্য বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগও তৈরি করছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের অবশ্য আগের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের এই লেগ স্পিনার পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন। এবার দক্ষিণ আফ্রিকার এসএ–টোয়েন্টিতে মাঠে নামতে পারলে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতার পরিধি আরও বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেও যুক্ত হবে নতুন একটি অধ্যায়।
এদিকে নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রোলস। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন করতে পারেন এই তরুণ। তাকে দলে নিতে ২৯ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড খরচ করেছে জোবার্গ সুপার কিংস। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করা রোলসকে দেশটির ক্রিকেটে উঠতি প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জোবার্গ সুপার কিংস নিলাম থেকে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিকেও দলে নিয়েছে।



