একদিকে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া, অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছে বাংলাদেশ। দুই দলের এই দুই ভিন্ন বাস্তবতা মিলেই তৈরি হচ্ছে আসন্ন ওয়ানডে সিরিজের আবহ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এই সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৬ সদস্যের দল সাজানো হয়েছে। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
ব্রিসবেনেই হবে সিরিজের সব ম্যাচ। ৯ অক্টোবর প্রথম ওয়ানডের পর ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ ম্যাচ ১৪ অক্টোবর।
বাংলাদেশের এবারের দলে সবচেয়ে বড় খবর মুর্শিদা খাতুনের প্রত্যাবর্তন। প্রায় ২০ মাস জাতীয় দলের বাইরে থাকার পর আবারও লাল-সবুজের জার্সিতে ফিরছেন এই ওপেনার। বাংলাদেশের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
মুর্শিদার পাশাপাশি দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকি। বিপরীতে সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
পরিবর্তনের এই চিত্র এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে। টি-টোয়েন্টিতে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে প্রত্যাশিত সাফল্য আসেনি। ওয়ানডেতেও সর্বশেষ সিরিজটি গেছে বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল জ্যোতির দল।
সেই হতাশার পর এবার প্রতিপক্ষ আরও কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে অস্ট্রেলিয়া নারী দল। তাদের বিপক্ষেই ওয়ানডে দিয়ে নিজেদের নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।



