এশিয়ান গেমসে চতুর্থবারের মতো ক্রিকেটের এই আসরে অংশ নিতে আজ রাতেই জাপানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। জানিয়েছেন, এবার তার চোখ সোনার পদকে।
এশিয়ান গেমসে এবারই প্রথম খেলতে যাচ্ছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ এই ব্যাটারের কাছে এই আসরটিও বিশেষ। নিজের প্রথম এশিয়ান গেমস নিয়ে লিটন বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছি, এরকম মঞ্চেও খেলা। এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, এমনও নয়। এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’
সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে এশিয়ান গেমসের পার্থক্যও তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। সোনার পদক জয়ের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, ‘অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।’
জাপান যাওয়ার আগে প্রস্তুতিতেও সন্তুষ্ট লিটন। এশিয়ান গেমসের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতি নিয়ে অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা।’
এবারের এশিয়ান গেমসে ক্রিকেটে অংশ নিচ্ছে মোট ১০টি দল। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে এসেছে হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে জাপান।
প্রথম রাউন্ডে ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই পর্বের ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কোয়ার্টার ফাইনালে তার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর একই সময়ে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।



