আগের ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এবার সেই হারের জবাবটা বেশ ভালোভাবেই দিল বড়রা। ব্যাটে-বলে আধিপত্য দেখিয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে অনূর্ধ্ব-২৩ দল।
শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি (গেম ডেভেলপমেন্ট) ট্রফির ম্যাচে আগে ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। জবাবে মাত্র ৩১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে নেয় অনূর্ধ্ব-২৩ দল। হাতে ছিল ১১১ বল।
ম্যাচে বল হাতে পার্থক্য গড়ে দেন অনূর্ধ্ব-২৩ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। তার করা ৪২টি বল থেকে কোনো রান নিতে পারেনি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা। তবে দুর্দান্ত বোলিং করেও ম্যাচসেরার পুরস্কার পাননি স্বাধীন। অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আজিজুল হাকিম।
টস জিতে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলকে ভালো শুরু এনে দেন জারিফ সিয়াম ও কাওসার আহমেদ। তবে ধীরগতির ব্যাটিংয়ে ১১ ওভারে দলীয় ৫০ রান পূর্ণ করে তারা। এরপর আরও মন্থর হয়ে পড়ে ইনিংস। পরের ছয় ওভারে আসে মাত্র ১৪ রান। ২২ রান করা কাওসারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন স্বাধীন।
জারিফের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন আহসান আল মুমিন। ৫৬ রান করা জারিফকে ফিরিয়ে এই জুটিও ভেঙে দেন স্বাধীন। ৭১ বলে ৫৬ রানের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর অনূর্ধ্ব-১৯ দলের মিডল অর্ডারেও আঘাত হানেন স্বাধীন। রকিবুল হাসান, ফরিদ হাসান ফয়সাল ও রাকিব খানকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ রানে আউট হন মুমিনও। ফলে বড় সংগ্রহের আশা অনেকটাই শেষ হয়ে যায় অনূর্ধ্ব-১৯ দলের।
তবে শেষ দিকে মেহেরাব হোসেন সিজানের ৩৩ রানের ক্যামিও ইনিংসে দুইশর কাছাকাছি যেতে পারে তারা। ৩৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
জবাবে রান তাড়ায় শুরু থেকেই অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের ওপর চড়াও হন আদিল বিন সিদ্দিক ও আজিজুল হাকিম। উদ্বোধনী জুটিতেই দুজন মিলে যোগ করেন ১৩০ রান। ৭৪ বলে ৬৩ রান করা আদিলকে ফিরিয়ে জুটি ভাঙেন জারিফ সিয়াম। সেটিই হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ দলের একমাত্র সাফল্য।
এরপর আজিজুল ও অধিনায়ক কালাম সিদ্দিকি মিলে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ৭৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন আজিজুল। কালাম অপরাজিত ছিলেন ৪০ বলে ৩৯ রানে।
এই জয়ে আগের ম্যাচের হারের জবাব দেওয়ার পাশাপাশি ফাইনালের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল অনূর্ধ্ব-২৩ দল। যদিও হারলেও ফাইনাল আগেই নিশ্চিত করেছে অনূর্ধ্ব-১৯ দল। বড় কোনো অঘটন না ঘটলে বুধবারের ফাইনালে আবারও মুখোমুখি হতে পারে দুই দল।



