অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ পেরিয়েছে গ্রুপপর্বের উত্তেজনা। এখন অপেক্ষা শুধু শিরোপার শেষ লড়াইয়ের। চার দল টিকে আছে ট্রফি জয়ের দৌড়ে-বাংলাদেশ এইচপি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।
গ্রুপপর্বে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশ এইচপি। পরে তাদের সঙ্গী হয়েছে আরও তিন দল। বিদায় নিতে হয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স একাডেমিকে।
শেষ চারের সমীকরণে অবশ্য বাংলাদেশের অবস্থানটা হয়েছে রানরেটের কারণে দ্বিতীয়। ছয় ম্যাচে পাঁচ জয়ে টাইগারদের সংগ্রহ ১০ পয়েন্ট। একই পরিসংখ্যান অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিরও। তবে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করেছে অ্যাডিলেড।
অন্যদিকে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ। তারাও গ্রুপপর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পেয়েছে ১০ পয়েন্ট। তবে রানরেটের হিসাবে অ্যাডিলেড ও বাংলাদেশের পেছনে থাকায় তাদের জায়গা হয়েছে তৃতীয়।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’। নিউজিল্যান্ড ‘এ’ ছয় ম্যাচে তিন জয় নিয়ে চতুর্থ হয়েছে। একই সংখ্যক জয় ছিল নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান একাডেমিরও। কিন্তু রানরেটের বিচারে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পেয়েছে কিউইরা।
অর্থাৎ গ্রুপপর্বের হিসাব-নিকাশ এখন পেছনে। সামনে সরাসরি ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশের জন্য সমীকরণও পরিষ্কার—ভিক্টোরিয়াকে হারাতে পারলেই শিরোপার শেষ মঞ্চে জায়গা করে নেবে এইচপি দল।
রোববার, ৩০ আগস্ট তাই ডারউইনে বসছে জমজমাট দুই সেমিফাইনাল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে একটি ম্যাচ, অন্য সেমিফাইনাল মাঠে গড়াবে সকাল ৭টায়। এরপর একই দিন বেলা সাড়ে ১২টায় হবে ফাইনাল।
গ্রুপপর্বে দাপট দেখানো চার দলের মধ্যে শেষ হাসি কে হাসবে-সেটির উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে।



