টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই দল এখন বুলাওয়েতে মুখোমুখি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এবার সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
চোট ও বিশ্রামের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে নেই। তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে হৃদয় জানান, দিনের খেলা হওয়ায় বোলিংয়ে কিছুটা সুবিধা নিতে চান তারা। তার মতে, পুরো বিষয়টি মোমেন্টামের ওপর নির্ভর করছে।
এই ম্যাচে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। সবশেষ ২০২৩ সালে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। হাংঝু এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে এই ব্যাটারকে।
বাংলাদেশের একাদশে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান। বোলিং বিভাগে আছেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ের নেতৃত্বে আছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ব্যাটিং করার কথা ভাবতেন। হারারের তুলনায় বুলাওয়ের কন্ডিশনে ভিন্ন চ্যালেঞ্জ থাকবে বলেও মনে করেন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ধীর হয়ে যেতে পারে বলেও ধারণা তার।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।










Discussion about this post