হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের শুরুটা দেখে আপাতত সেই সিদ্ধান্তকে সঠিকই প্রমাণ করছেন বাংলাদেশের পেসাররা, বিশেষ করে তাসকিন আহমেদ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। তাসকিন একাই তুলে নিয়েছেন তিনটি উইকেট। অন্য একটি উইকেট এসেছে রান আউট থেকে।
টস জয়ের পর মিরাজ জানিয়েছিলেন, নতুন উইকেটে থাকা আর্দ্রতা কাজে লাগাতেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই পরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকেই কার্যকর ছিলেন বাংলাদেশের বোলাররা।
এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে দলে নেই লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে তিনি এর আগেও টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। দলে থাকলেও এই ম্যাচে খেলছেন না তিনি। তাঁর জায়গায় উইকেটের পেছনের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশের ওপেনিং জুটিতে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। মিডল অর্ডারে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। বোলিং আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন।










Discussion about this post