বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের লড়াইগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে টানা চার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ। এবার সেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা গড়াতে যাচ্ছে ওয়ানডে সংস্করণে। আগামী বছর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আলোচিত বাংলাদেশ-ভারত সিরিজের পাশাপাশি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুটি টেস্ট, ইংল্যান্ডের বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং পাকিস্তানের বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর অনুষ্ঠিত হবে চলতি বছর। আর ইংল্যান্ড ও পাকিস্তানের সফর হওয়ার কথা রয়েছে আগামী বছর।
চারটি সিরিজের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ২ জুলাই থেকে বিসিবি কার্যালয় থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের জয় ৩৫টি এবং বাংলাদেশের জয় ৭টি। তবে পরিসংখ্যানের বড় অংশ পাকিস্তানের দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে চিত্র। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই আগামী বছরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা।









Discussion about this post