বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি তিনি। তবে সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই লিটনের ফেরার সম্ভাবনা দেখছে টিম ম্যানেজমেন্ট।
যদিও প্রথম ওয়ানডেতে লিটনের খেলা নিয়ে আশাবাদী নয় বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। তবে পরের দুই ম্যাচে তাঁকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তার সম্ভাবনা রয়েছে। যদি সে তার সব ফিটনেস টেস্ট এবং অন্যান্য ক্ষেত্রে পাস করতে পারে, তাহলে ইনশা আল্লাহ সে খেলবে।’
লিটনের চোটের বর্তমান অবস্থার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বায়েজিদুল বলেন, ‘লিটন দাস বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগছে। সেটা এখনো গ্রেড ওয়ান পর্যায়ে আছে। সাধারণত প্রায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা। তার এর মধ্যে দুই সপ্তাহ হয়ে গেছে। আশা করি সে তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবে।’
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান লিটন। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ৫৮ রানে অপরাজিত থাকলেও পরে আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। তার পরিবর্তে গ্লাভস হাতে নেন নুরুল হাসান সোহান।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা হয়নি লিটনের। সেই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। এরপর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট থেকেও ছিটকে যান এই ওপেনার।










Discussion about this post