বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গত রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন দুইজন।
তবে নির্বাচনের একদিন পরই পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে বর্তমানে ২৪ জন পরিচালককে নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বিসিবি।
নতুন বোর্ডের প্রথম সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়। ফাইন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। এইজ গ্রুপ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুকে।
হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন শাহনিয়ান তানিম। মেডিকেল কমিটির চেয়ারম্যান করা হয়েছে মাহবুব শামীমকে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির দায়িত্বে থাকবেন আসিফ রব্বানী। অডিট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সাইদ বিন জামান সৌরভকে।
এ ছাড়া লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির দায়িত্ব পেয়েছেন ইয়াসির ফয়সাল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর চেয়ারম্যান করা হয়েছে মঈন উদ্দিন চৌধুরীকে। উইমেন্স উইংয়ের দায়িত্বে থাকবেন রফিকুল ইসলাম বাবু।
অন্যদিকে বোর্ডের গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিজ বিভাগ নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।










Discussion about this post