মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শুধু হারই নয়, ম্যাচ শেষে আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও কেটে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ৮ পয়েন্ট।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেখানে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও দলটি নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল।
মিরপুর টেস্টের ম্যাচ রেফারি, আইসিসির এলিট প্যানেলের জেফ ক্রো পাকিস্তানের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসেবে ৮ ওভার কম করায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির মোট ৪০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে।
শুধু আর্থিক জরিমানাই নয়, এই ভুলের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা হয়। ফলে পাকিস্তান হারিয়েছে ৮টি মূল্যবান পয়েন্ট। দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার হিসাব বিবেচনায় এই পয়েন্ট কর্তন দলটির জন্য বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ফলে এই ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাদের সঙ্গে তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলও অভিযোগের প্রতিবেদনে যুক্ত ছিলেন।
গত মঙ্গলবার শেষ হওয়া মিরপুর টেস্টে ১০৪ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। সেই হারের হতাশা কাটার আগেই এবার শাস্তির খবর পাকিস্তান শিবিরে নতুন অস্বস্তি তৈরি করল। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামীকাল থেকে শুরু হবে সিলেটে। এখন দেখার বিষয়, প্রথম টেস্টের ব্যর্থতা ও শাস্তির ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না শান মাসুদের দল।










Discussion about this post