উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৪৪ জন সদস্য। দ্বিতীয় অধিবেশনে বিএসপিএ’র নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ।
এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ে। তাইতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল ২৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)।
এছাড়া দু’জন সহ-সভাপতি পদে নির্বাচিত হন তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান কবির (কালেরকণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্স), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস), সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)।



