আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে বসে টেস্ট ক্রিকেট উপভোগের সুযোগ পাবে। একই সুবিধা পাবে ১৫ বছরের কম বয়সী ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী, শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, তবে তাদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিধান করতে হবে।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ থেকে ১২ মে পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট ১৬ থেকে ২০ মে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই দুই ভেন্যুর নির্ধারিত গ্যালারিতে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
৮ মে মিরপুর টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজ, যা পরবর্তীতে ১৬ মে সিলেটে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে শেষ হবে।









Discussion about this post