নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করতে হয়েছে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের। এই ব্যস্ত সূচির মাঝেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে পাকিস্তান দলের প্রথম বহর। অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে সফরে এসেছে দলটি। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় পুরো দল একসঙ্গে আসেনি। বাবর আজমসহ কয়েকজন ক্রিকেটার ফাইনাল শেষে পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। ইতোমধ্যে ঢাকায় পৌঁছানো ক্রিকেটারদের কড়া নিরাপত্তায় হোটেলে নেওয়া হয়েছে।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি জায়গা পেয়েছেন চার নতুন মুখ-আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল গড়ে ভারসাম্য আনার চেষ্টা করেছে পাকিস্তান।
এই সিরিজ দিয়ে পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন সরফরাজ আহমেদ। তার সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন ব্যাটিং কোচ আসাদ শফিক ও বোলিং কোচ উমর গুল। নতুন কোচিং সেটআপে দলটি কেমন পারফর্ম করে, সেটিও হবে দেখার বিষয়।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হওয়ায় এই সিরিজের গুরুত্ব দুই দলের কাছেই অনেক বেশি।
পাকিস্তান টেস্ট দল-
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।










Discussion about this post