বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ২৬ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বর্তমানে টেস্ট একাদশে জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে আছেন তিনি।
নাঈমের এই অবস্থানকে দুর্ভাগ্যজনক বলেই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। তার মতে, একই জায়গায় মেহেদী হাসান মিরাজের মতো পরীক্ষিত ক্রিকেটার থাকায় সুযোগ কম পেয়েছেন নাঈম। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলতে পেরেছেন তিনি।
নাঈমকে নিয়ে রাজিন সালেহ বলেন, ‘আমি বলব ও দুর্ভাগা। ও ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, ওকেও দেখতে হবে। মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ঐ জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’
বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ টেস্ট সূচি। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর দল যাবে অস্ট্রেলিয়া সফরে। এই ব্যস্ত সূচির আগে চলমান বিসিএলকে আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন পূর্বাঞ্চলের কোচ রাজিন সালেহ। তিনি বলেন, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’
প্রথম দিনের খেলায় পেসার তোফায়েল আহমেদও নজর কেড়েছেন। জাতীয় দলের দুই পরিচিত পেসার ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সঙ্গে সমানতালে ভালো বোলিং করেছেন তিনি। তরুণ এই ক্রিকেটারকে ভবিষ্যতের সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে দেখছেন রাজিন।









Discussion about this post