জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কার্যক্রম শুরু করেছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বর্তমান ও সাবেক একাধিক পরিচালক কমিটির সামনে হাজির হয়ে সরাসরি ও অনলাইনের মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন।
সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে অন্য সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমডি সেলিম ফকির, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাঈদ উজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সামরাত।
তদন্ত কমিটির সামনে হাজির হওয়া এক বোর্ড পরিচালক জানিয়েছেন, মূলত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল কিনা সে বিষয়ে নিজের দেখা ও জানা তথ্য তুলে ধরতে বলা হয়েছে। তিনি বলেন, “সুষ্ঠু বা অসুষ্ঠু-সেটা সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয়। আমি শুধু যা দেখেছি, তাই জানিয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, তদন্ত কমিটির উদ্দেশ্য বা নির্দিষ্ট প্রশ্ন আগে থেকে জানানো হয়নি, তবে দেশের স্বার্থে নিরপেক্ষভাবে তথ্য দেওয়া নিজের দায়িত্ব বলে মনে করেন।
এনএসসি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদনের মাধ্যমে ফলাফল উপস্থাপন করতে। এই তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত, যা জাতীয় ক্রিকেটের শৃঙ্খলা ও স্বচ্ছতার দিক নির্দেশ করবে।










Discussion about this post