পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন।
ইতোমধ্যে সোমবার সকালে প্রথম ধাপে চার ক্রিকেটার দেশ ছেড়েছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। অন্য দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ তামিম কিছুটা পরে নিজ নিজ দলের সঙ্গে যোগ দেবেন।
এবারের আসরে মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছেন। এছাড়া ড্রাফট থেকে দলে নেওয়া হয়েছে রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমনকে। পরবর্তীতে শরিফুল ইসলাম ও তানজিদ তামিমও প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন।
দলভাগ অনুযায়ী, পেশোয়ার জালমিতে একসঙ্গে দেখা যাবে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ তামিমকে। অন্যদিকে লাহোর কালান্দার্সে খেলবেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। রিশাদ হোসেন যোগ দিয়েছেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজিতে।
তবে পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না এই ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে অংশ নিতে দেশে ফিরতে হবে তাদের। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ।










Discussion about this post