বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি ক্রিকেটারদের কাছ থেকেও বিদায় নিয়েছেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান ও সহকারী নির্বাচক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৮ মার্চ জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের শেষ সময় ছিল। এ পদে মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। তাদের মধ্য থেকে সাক্ষাৎকার নিয়ে শেষ পর্যন্ত সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি এর আগে সহকারী নির্বাচকের দায়িত্বও পালন করেছিলেন।
সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাঈম ইসলাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নাঈম ইসলামকেই চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।
নতুন এই নির্বাচক প্যানেল গঠনের কাজে বিসিবির চার পরিচালক-ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক—জড়িত ছিলেন।
বেতন কাঠামো অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা। অন্যদিকে সহকারী নির্বাচক নাঈম ইসলামের বেতন হতে পারে ৩ লাখ টাকা। একই বেতন আগে থেকেই দায়িত্বে থাকা সহকারী নির্বাচক হাসিবুল ইসলাম শান্তর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।









Discussion about this post