বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। প্রথম দুই ম্যাচ শেষে ১–১ সমতায় থাকায় মিরপুরে আজকের ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে দুই দলই। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বড় ভূমিকা রেখেছিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ ছিল। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে শেষ পর্যন্ত ১২৮ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান ২৭৪ রান সংগ্রহ করে। পরে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ৬.৩ ওভার ব্যাটিংয়ের পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। ওই সময় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছিল। প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হলে বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
আজকের ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশ্বস্ত আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের তথ্যমতে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫২ শতাংশ।
তবে আশার খবর হলো, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে, আর ওই সময় বৃষ্টির সম্ভাবনা মাত্র ১৪ শতাংশ। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির আশঙ্কা বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ, বিকেল ৫টায় ৪৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৫১ শতাংশে পৌঁছাতে পারে। যদিও সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস; সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ।










Discussion about this post