জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ এবং ১৩ জন ক্রীড়া সংগঠক রয়েছেন। চূড়ান্ত তালিকা অনুমোদনের পর আগামী জুনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছরের পুরস্কারের জন্য মোট ৯৯টি আবেদন জমা পড়ে। প্রথম দফা যাচাইয়ে ১৪টি এবং দ্বিতীয় দফায় আরও ১০টি আবেদন বাতিল করা হয়। পরবর্তী সভায় অবশিষ্ট আবেদনগুলো পর্যালোচনা করে ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তালিকা চূড়ান্ত করতে আরও একটি সভা অনুষ্ঠিত হবে।
ক্রীড়াবিদ ক্যাটাগরিতে প্রাথমিকভাবে স্থান পেয়েছেন বিভিন্ন শাখার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়াবিদরা। তাদের মধ্যে আছেন ক্রিকেটার খান আবদুর রাজ্জাক।
সাঁতারে রুবেল রানা, মাহফিজুর রহমান সাগর ও সবুরা খাতুন। অ্যাথলেটিকসে নাজমুন নাহার বিউটি, খুরশিদা খাতুন খুশি ও আবদুর রহিম নাঈম। ভারোত্তোলনে মোল্লা সাবিরা সুলতানা ও মজিবর রহমান। টেবিল টেনিসে খন্দকার আল মাহবুব বিল্লাহ, বক্সিংয়ে আবদুর রহিম, সাইক্লিংয়ে আকাশি সুলতানা ও তরিকুল ইসলাম, কারাতে বিভাগে মাউন জেরা বর্ণা, হকিতে মো. কাওসার আলী, ফুটবলে মোসারফ হোসেন বাদল এবং জিমন্যাস্টিকসে ইকবাল হোসেন।
সংগঠক ক্যাটাগরিতে প্রাথমিক তালিকায় রয়েছেন বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। তাদের মধ্যে আছেন মো. আরিফ ভূঁইয়া, মোসারফ হোসেন বাদল, মো. কাওসার আলী, লুৎফর রহমান, মতিউর রহমান, মো. ইকবাল হোসেন, মো. আবদুল মান্নান, মো. আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মো. সাইফুল আজীজ, মো. কামরুল হাসান, সাঈদ আহমেদ এবং এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
চূড়ান্ত অনুমোদনের পর নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেওয়া হবে। এ পুরস্কারের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা জানানো হয়।









Discussion about this post