ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ দল পেয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে ১ লাখ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা, তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মধ্য দিয়ে এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেলেন তিনি।
২০২৬ মৌসুমকে সামনে রেখে আয়োজিত নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ছিল চূড়ান্ত তালিকায়। তবে শেষ পর্যন্ত দল পেয়েছেন শুধু মুস্তাফিজ। রিশাদকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দ্য হান্ড্রেডে সুযোগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ। তিনি জানান, এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে তিনি খুবই রোমাঞ্চিত এবং বার্মিংহাম ফিনিক্সের হয়ে ভালো একটি আসরের অপেক্ষায় আছেন। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
টুর্নামেন্টটির ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং চলবে ৬ আগস্ট পর্যন্ত। প্রথম আসরে বার্মিংহাম ফিনিক্স ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার মুস্তাফিজকে দলে নিয়ে নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে দলটি।
সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলোচনায় রয়েছেন মুস্তাফিজ। গত বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে সেই দল থেকে বাদ পড়তে হয় তাকে। এরপর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে প্রায় ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ১২৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার, যেখানে তার ইকোনমি রেট ৭.২৮।










Discussion about this post