সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল, এ তথ্য নিশ্চিত করা হয়েছে দেশটির সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে।
পাকিস্তান সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। এই সিদ্ধান্তকে তারা বাংলাদেশের প্রতি সংহতির প্রতিফলন হিসেবেই তুলে ধরেছে।
এই ঘোষণার মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যে বড় আকর্ষণ হারাতে যাচ্ছে, তা বলাই যায়। এর আগেই নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা নাকচ করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।
বাংলাদেশকে বাদ দেওয়ার পরই পাকিস্তানের অবস্থান নিয়ে শুরু হয় জোর আলোচনা। বিশ্বকাপ পুরোপুরি বয়কট করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত মাঝামাঝি পথ বেছে নিল ইসলামাবাদ। পুরো টুর্নামেন্ট বর্জন না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারত ম্যাচ বয়কট করলেও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বাকি ম্যাচগুলোতে অংশ নেবে পাকিস্তান দল। পুরো বিশ্বকাপ বয়কট করলে কঠোর শাস্তি ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো পাকিস্তানকে। সেই ঝুঁকি এড়িয়েই তারা এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি প্রকাশ্যে আইসিসির সিদ্ধান্তকে অন্যায় বলে মন্তব্য করেছেন। এমনকি আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোটটিও দেয় পাকিস্তান। গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে নকভি জানান, খুব দ্রুতই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত এলো আজ। পাকিস্তান বিশ্বকাপে খেলবে, তবে ভারতের বিপক্ষে নয়। আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ঘোষণায় নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট বিশ্বে।










Discussion about this post