বিপিএলের ১২তম আসরের নিলামে বাদ পড়ার পরই গত আসরের বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ তুলে আলোচনা জন্ম দিয়েছিলেন এনামুল হক বিজয়। তার দাবি, বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহীর সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি নিয়ে খেললেও তিনি এখনো ৩০ লাখ টাকা পাননি। সেই দাবিই ফের সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে হাজির হন তিনি।
বিজয় জানান, বিষয়টি নতুন নয়; দীর্ঘদিন ধরেই তিনি বিপিএলের গভর্নিং কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কথা বলে আসছেন।
ফেসবুক লাইভে বিজয় বলেন, ‘আমি পুরো পারিশ্রমিক পাইনি সে বিষয়ে বিপিএলের গর্ভনিং কাউন্সিলসহ যারা দায়িত্বে ছিলেন সবাইকে জানিয়েছি। এমন কিছু না যে নতুন করে বলছি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ডকুমেন্ট দেখিয়েছি। একটা ছিল রাজশাহী টিমের সাথে আমার চুক্তি, একটা ছিল রাজশাহী টিম যে চেকগুলো দিয়েছিল সেখানে কোন টাকা নেই। থার্ড যেটা ছিল আমি বিসিবিকে মেইল করেছি ১০-১৫ দিন হয়ে গেছে, আমি কোন উত্তর পাইনি।’
তার অভিযোগ, ডিরেক্ট সাইনিং প্লেয়ার হওয়াকে কেন্দ্র করে বিসিবি দায়িত্ব নিতে নারাজ। কিন্তু বিপিএলের আয়োজক হিসেবে বিসিবিকেই সমাধানে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই ব্যাটার।
তিনি বলেন, ‘লাইভে আসার উদ্দেশ্য হলো মানুষজন সত্যটা জানুক। বিপিএলের প্রধান এখন যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন আমি ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার। ডিরেক্ট সাইনের প্লেয়ারের দায়িত্ব বিসিবি নিতে পারবেনা। তাহলে আমি কাদের হয়ে খেলেছি রাজশাহী টিম। তারা কাদের নিয়ে? অবশ্যই তারা বিসিবির। যদি ডিরেক্ট সাইনিংয়ের হওয়ায় আমাকে পেমেন্ট না দেওয়া হয় তাহলে আমার ভিত্তিমূল্য কত ছিল? ৪০ লাখ টাকা। ড্রাফটে বিক্রি হব সেই টাকাও তো বিপিএল আমাকে দেয়নি। ১০ লাখ টাকা অতিরিক্ত দেওয়ায় আমি রাজশাহীর সঙ্গে সরাসরি চুতে গেছি।’
রাজশাহী দলের আর্থিক অনিশ্চয়তা এবং খেলোয়াড়দের অনুশীলন বয়কটের ঘটনাও তুলে ধরেন বিজয়।
তিনি জানান, বিসিবির আশ্বাসেই তখন খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন, ‘পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হওয়ায় রাজশাহী টিম অনুশীলন বয়কট করেছিল। পারিশ্রমিক জটিলতায় হোটেলে মালিককে আটকে রাখা, বাসের পেমেন্টসহ এমন সমস্যা ছিল। তখন বিসিবির কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন আমি, ইয়াসির, তাসকিন, আকবর, ফারুক স্যার (তৎকালীন প্রেসিডেন্ট), মঞ্জু ভাই এবং আকরাম ভাই উপস্থিত ছিলেন। অনেক অনিশ্চয়তার পরও আমাদের অনুরোধ করা হয় প্রপার ওয়েতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য। পেমেন্ট নিয়ে ডিরেক্ট সাইন বা ড্রাফটেড প্লেয়ার যেই হও সবাইকে বিসিবি আশ্বস্ত করে খেলা চালিয়ে নিতে বলেছিল।’










Discussion about this post