জাতীয় দলের নিয়মিত মুখ এবং টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। দীর্ঘদিন ধরেই সাদা পোশাকে দেশের প্রধান বোলারদের একজন তিনি। টেস্ট ক্রিকেটে দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অনেক আগেই। এবার সামনে আরও বড় অর্জনের হাতছানি। সাকিব আল হাসানের ২৪৬ টেস্ট উইকেটের রেকর্ড ভেঙে দেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার সুযোগ তৈরি হয়েছে এই বাঁহাতি স্পিনারের সামনে।
ঘরোয়া ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয় তাইজুলের। প্রথম ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স তাকে জায়গা করে দেয় জাতীয় দলে। এরপর সাকিব আল হাসানের সঙ্গে মিলে গড়ে তোলেন ভীতি ছড়ানো স্পিন জুটি। সময়ের সঙ্গে সঙ্গে সাদা বলের ক্রিকেটেও কার্যকর এক স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করলেও টেস্টই তার আসল জায়গা।
বর্তমানে তার উইকেট সংখ্যা ২৪২। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে পাঁচটি উইকেট পেলেই সাকিবকে টপকে যাবেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিবের ২৪৬ উইকেট নিতে যেখানে লাগে ১২১ ইনিংস, সেখানে তাইজুল খেলেছেন মাত্র ৪২ ইনিংস। যদিও বল করার সংখ্যায় তাইজুল অনেক এগিয়ে, সাকিবের ১৫৬৭৫ বলের বিপরীতে তাইজুল করেছেন ২৪৮৫৭ বল।
তাইজুলের অভিষেকের আগে সাকিব খেলেছিলেন ৩৪টি টেস্ট এবং সেখানেই নিয়েছিলেন ১২২ উইকেট। আর তাইজুলের আগমন পরবর্তী সময়ে আরও ৩৭ টেস্টে সাকিবের সংগ্রহ ১২৪ উইকেট। দুজন একসঙ্গে খেলেছেন ২৬টি টেস্ট, যেখানে সাকিবের উইকেট ১০২ আর তাইজুলের ৯৪। দেশের মাটিতে পারফরম্যান্স আরও কাছাকাছি-সাকিবের ৮৪ উইকেটের বিপরীতে তাইজুলের ৮৫।
বর্তমানে জাতীয় দলের বাইরে থাকায় সাকিব আর তাইজুলের ব্যবধান কমে আসছে দ্রুত। তাইজুলের সামনে এখন সময়ই নির্ধারণ করবে তিনি কবে দেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনে বসতে যাচ্ছেন। সেই প্রত্যাশার আলোতেই ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যেখানে তাইজুলের সামনে থাকবে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।










Discussion about this post