ঈদুল আযহা উপলক্ষে ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৭ জুন, শনিবার সারাদেশে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। তবে ঈদের আনন্দ বেশিদিন উপভোগ করার সুযোগ পাচ্ছেন না টাইগাররা। কারণ ঈদের পরপরই শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি।
বাংলাদেশ ক্রিকেট দল ১৩ জুন দেশ ছাড়বে শ্রীলঙ্কার উদ্দেশে। সফরের শুরুতেই মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা শুরু হবে ১৭ জুন থেকে। এই সিরিজকে সামনে রেখে ঈদের পর ৯ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্যাম্পে উপস্থিত থাকবেন জাতীয় দলের কোচিং স্টাফের সকল সদস্য।
এদিকে শ্রীলঙ্কা সফরের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন তিনি।
দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি এর আগেও টেস্টে অধিনায়কত্ব করেছেন। সহ-অধিনায়ক হিসেবে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।



