হঠাৎ করেই উত্তাপ বাংলাদেশ ক্রিকেটে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে যান তামিম ইকবাল। এরপরই শুরু হয় নানা আলোচনা। দুপুর ১২টায় নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত হয় দুজনের বৈঠক। আন্তর্জাাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জাতীয় দলে ফিরবেন কীনা এনিয়ে চলে আলোচনা। শেষ অব্দি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে জানিয়েছেন, সব কথা হয়নি তাদের। সামনে আবার তারা বসবেন।
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘তামিম দুই তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না তাই আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প।’
এরপর সন্ধ্যায় বনানীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার ভবিষ্যত নিয়ে একটা সিদ্ধান্ত আমি অবশ্যই নিয়ে ফেলেছিলাম। এটা কম-বেশি সবাই জানেন। আমার একটা বোঝাপোড়া ছিল। বোর্ডের জন্য অপেক্ষা ছিল এতোদিন। আমার কী কী সমস্যা ছিল এসব নিয়ে কথা হয়েছে। আমি বলেছি আমি কী করতে চাই। জানুয়ারি পর্যন্ত উনি (নাজমুল হাসান পাপন) আমাকে থামতে বলেছেন। বিসিবি সভাপতির সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনার পর আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উনারা যা বলেছেন সেটার সম্মান রাখতে হবে আমাকে। আমি আজকেই বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু একটা কথা হয়েছে সেটা রাখতে হবে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
এদিনই পাপন আরও বলেছেন, ‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কোনো চাপ আছে কিনা। আমি বলেছি যে চাপের কারণে নয়। দুটো কারণ-একটা হচ্ছে আমার সময় নেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। এখনও তামিমকে আমি সেটাই বলেছি। প্রথম দুই টার্ম দলের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি তারা করবে। তাদের সমস্যা থাকলে আমি সব সময় সাহায্য করবো।’
এদিকে টানা তৃতীয় মেয়াদে বিসিবির প্রধানের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর কথা ভাবছেন। বলেন, ‘আমি বেশিদিন নাই। এ্ই টার্মটাও আর বেশিদিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি টিমটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেব। কে পছন্দ করলো না করলো, তাতে কিছু যায় আসে না।’



