ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ব্যাট-বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। ব্যাপারটি চোখে পড়েছে আইসিসির। তাইতো অক্টোবর মাসের সেরার দৌড়ে এ তারকাকে মনোনয়ন দিয়েছে সংস্থাটি। এ দৌড়ে তার সঙ্গী পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা। এবার ভোটাভুটিতে এগিয়ে থাকলে দ্বিতীয়বারের মতো এই শিরোপা উঠবে সাকিবের হাতে।
এরআগে গত জুলাই মাসে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। তার আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মে মাসে এই পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
গত মাসে সাকিব খেলেন ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেন ১৩১ রান ও ৫.৫৯ ইকোনমি রেটে নেন ১১টি উইকেট। তার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডেভিড উইস নামিবিয়ার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ২৭ গড় ও ১৩২ স্ট্রাইকরেটে ১৬২ রানের পাশাপাশি মাত্র ৭.২৩ ইকোনমি রেটে শিকার করেছেন ৭টি উইকেট।
অন্যদিকে পাকিস্তানের আসিফ আলি প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে জেতান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর সুবাদে মনোনয়ন পেয়েছেন মাসের সেরা খেলোয়াড় পুরস্কারে।










Discussion about this post