ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ শুরু রাত ৮টায়, কিন্তু দুপুর গড়ালেও নিশ্চিত উত্তর মিলছে না একাদশে থাকবেন কি সাকিব আল হাসান? নাকি তার জায়গায় দেখা মিলবে সুনিল নারিনের?
সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচ খেলার আগে চিন্তিত খোদ অধিনায়ক ইয়ন মরগ্যানও। তিনি কাকে বেছে নেবেন সাকিব নাকি নারিনকে? দুইজনই দক্ষ স্পিনার। তবে অধিনায়ক মরগানের চোখে সাকিব কিছুটা হলেও এগিয়ে। জানাচ্ছিলেন, কলকাতা নাইট রাইডার্সে ভারসাম্য এনেছেন সাকিব।
নাইটদের অধিনায়ক মরগান বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অবশ্যই ভারসাম্য বাড়বে। খেলা শুরুর পর উপমহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তখন সাকিবের বাঁহাতি স্পিনার দলের সম্পদ। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, সেটা সকলেই জানি। তাই ও থাকায় দল সমৃদ্ধ হয়েছে।’
নারিন গত আইপিএলে করেন ১২১ রান। বল হাতে ৫ উইকেট। তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়। এ অবস্থায় মরগান অবশ্য বলেন ‘সাকিব ও সুনিলের আমি কোনো পার্থক্য দেখি না। গত বছর সুনিলের খারাপ কেটেছিল। কিন্তু বছরের পর বছর সে আমাদের হয়ে ভালো খেলেছে। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা তার জানা আছে। ’
রোববার চেন্নাইয়ে রাত ৮টায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।



