ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন বাদেই মাঠে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ফের নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। তার আগে প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে নিজেকে ফিরে পেলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ব্যাট-বল দুটোই কথা বলল সাকিবের।
আইপিএলে সাকিবের দলের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের আগে বুধবার নিজেদের মধ্যে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামে কলকাতার ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা এ ম্যাচে ব্যাট-বলে নিজেকে চেনালেন সাকিব।
সাকিবের টিম গোল্ড দলের নেতৃত্ব দেন রানা। পার্পেল দলের অধিনায়কের দায়িত্ব সামলান বেন কাটিং। ম্যাচে পার্পেল দল আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি। অলআউট হয় মাত্র ১১৩ রানে।
গোল্ড দলের সাকিব, রানা, মাভিদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ। ম্যাচে চার ওভার বল করে মাত্র ৮ রান দেন সাকিব। ১ ওভার মেডেনের সঙ্গে তুলে নেন ২ উইকেট। নিজের দ্বিতীয় ওভারে ফেরান ওপেনার সেইফার্টকে। চতুর্থ ওভারে সাকিব ফেরান পবন নেগিকে। তৃতীয় ওভারে কাটিংকে রান আউট করেন সাকিব। ২৪টি বলের মধ্যে ১৯টি বলই ডট।
তারপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন সাকিব। ১০ বলে ১৭ রান করে ফেরেন তিনি। বুঝিয়ে দেন দলের সেরা বকোদশে কেলতে প্রস্তুত। আইপিএলে দুইবার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ দুই মৌসুমেই দলে ছিলেন সাকিব। আরও একটি শিরোপা মিশনে মাঠে নামতে মুখিয়ে সাকিব।
টিম গোল্ড: নীতিশ রানা (অধিনায়ক), ভেঙ্কেটেশ আইয়ার, কারুন নায়ার, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, শিভাম মাভি, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, ওয়ারিয়ার এবং একজন নেট বোলার।
টিম পার্পল: টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মান, শেলডন জ্যাকসন, বেন কাটিং, পবন নেগি, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা, ভৈবব অরোরা এবং একজন নেট বোলার।



