ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ সতর্কই ছিলেন। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত হলেন শচীন টেন্ডুলকার। ব্যাপারটি শনিবার এক টুইট বার্তায় এ তারকা নিজেই জানিয়েছেন। তবে তার পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন।
করোনা আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে টুইটারে শচীন জানিয়েছেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মুদৃ উপসর্গের পর আজ আমার করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
এখন হোম কোয়ারেন্টাইনে থাকছেন শচীন। শুধু তাই নয় চিকিৎসকদের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলছেন ভারতের এ ব্যাটিং ঈশ্বর। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন, ‘পেশাদার স্বাস্থ্যকর্মীরা যারা আমাকে সাহায্য করছেন, এবং পুরো দেশে যারা কাজ করছেন তাদের ধন্যবাদ জানাতে চাই।’



