ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই উত্তাল দেশের ক্রিকেট। আলোচনার কেন্দ্রে থাকা সাকিব আল হাসান উত্তেজনা থাকতেই দেশে ফিরছেন আজ (সোমবার) দিবাগত রাতে ফিরছেন দেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর জানিয়েছেন গণমাধ্যমে। বিসিবির সঙ্গে কথা বলতেই আসছেন সাকিব। রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরবেন তিনি। তবে তার সঙ্গে আসছেন না তার মা।
আইপিএলে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চান সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুরও করে। গত ২২ ফেব্রুয়ারি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র যান সাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন না তিনি। টানা দুটো সিরিজ মিস করছেন সাকিব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিশ্চিত করতেই এবার নাকি ফিরছেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে আগামী ৯ এপ্রিল। টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। অবশ্য একটি ফেসবুক লাইভে বিসিবি পরিচালক আকরাম খানকে নিয়ে মন্তব্য করার পর সাকিবকে দেওয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে জানিয়ে দিয়েছে বিসিবি।
মা শিরিন রেজাকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্র যান সাকিব। এরমধ্যে ১৫ মার্চ পুত্র সন্তানের বাবা হন তিনি।
ছুটিতে থাকার সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ কথা বলেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের বিপক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন। জানান- বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক খালেদ মাহমুদ সুজন ছাড়া কেউই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন না। ক্রিকেট বোর্ডের কার্যক্রম চলছে দায়সারাভাবে। এমনকি জাতীয় দলের পাইপলাইন শক্ত করার দায়িত্ব যাদের- সেই হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটও ক্রিকেটার তৈরির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছে না। তার এমন মন্তব্যে সরগরম। তবে এজন্য শাস্তি হতে পারে সাকিবের।



