ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সম্প্রতি পারিবারিক কারণে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন নাসির হোসেন। তারপরও নিজের ফিটনেস ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টায় করেছেন তিনি। যার ফলও হাতেনাতে পেলেন এ অলরাউন্ডার।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে ফিরবে এ মাসেই। এজন্য মিরপুরে ফিটনেস টেস্ট দেন নাসির। প্রথমে দেন ইয়ো ইয়ো টেস্ট। সেখানে নাসিরের স্কোর ছিল ১৭.১। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি, ‘নাসির ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’
এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝখানে বিপ টেস্ট দিয়েছিলেন নাসির। কিন্তু কম স্কোর ওঠায় সমালোচিত হয়েছিলেন তিনি। তবে এবার জবাবটা ঠিকঠাকই দিলেন তিনি।
২০১৮ সালের শুরুর দিকে শেষবার জাতীয় দলে খেলেছেন নাসির। এরপর ফিটনেস হারিয়ে পথ হারান তিনি। করোনা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিয়ে পাশ করতে পারেননি। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও খেলা হয়নি তার। তবে কিছুদিন আগে দুবাইয়ে টি-টেন লিগ খেলেছেন।
তারপরই দেশে ফিরে বিয়ে করেন নাসির। অভিযোগ আছে আরেকজনের বিাহিত স্ত্রীকেই নাকি বিয়ে করেছেন তিনি। যা নেয়ে চলছে সমালোচনার ঝড়। এরমধ্যেই ফেরার লড়াই শুরু করলেন তিনি।



