ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্পিনার আব্দুর রাজ্জাকের সাথে টাইগারদের নির্বাচক হিসেবে নাম এসেছিলো শাহরিয়ার নাফিসের। শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাককে নিয়োগ দেয়ার ঘোষণা আসে বিসিবি বোর্ড সভায়। সোমবার থেকে ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিক নিয়োগ প্রাপ্ত হচ্ছেন তিনি। তবে ক্রিকেট ভক্তদের দাবী ছিল যেকোন ভাবেই হোক শাহরিয়ার নাফিসকে যুক্ত করা হোক টাইগার ম্যানেজমেন্টে। বিসিবি নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, শাহরিয়ার নাফিসকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া প্রায় চুড়ান্ত। রবিবার নিয়োগপত্র হাতে পাবার কথা রয়েছে তার।
অপারেশন্স ম্যানেজারের প্রধান কাজ হল ক্রিকেট খেলা দেশগুলোর সাথে আন্তঃবোর্ড যোগাযোগ, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের অফিসিয়াল কার্যক্রম, দেশের ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা নিয়ে বোর্ডের প্রতিনিধিত্ব, ঘরোয়া ক্রিকেটের সিডিউলের সাথে আন্তর্জাতিক শিডিউলের সমন্বয় করা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে অফিসিয়াল দায়বদ্ধ থাকবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার।
নাফিস দেশের জার্সিতে খেলেছেন ৭৫ টি ওয়ানডে। রান করেছেন ২২০১। টেস্ট খেলেছেন ২৪ টি । এখনও ঘরোয়া ক্রিকেট খেলছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।



