ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। তবে বুধবারই এ অপেক্ষার অবসান হচ্ছে টিম টাইগার্সের। এদিন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামবে তামিম ইকবালের দল। তার আগে সদ্যই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টাইগারদের নতুন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন অধিনায়ক তামিম ইকবালের জন্য স্পেশাল ভালোবাসা এবং দোয়া রইলো বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন শুরুর জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়া।’
ভক্তদের বাংলাদেশ আওয়াজ তোলার আহ্বানও জানিয়েছেন মাশরাফি, ‘সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -বাংলাদেশ।’
বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।



