ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আগামী রোববার থেকে দলীয় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এজন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া সব ক্রিকেটারদের বৃহস্পতিবার প্রথম ধাপের করোনা পরীক্ষা করা। যার ফল শুক্রবার পাওয়া গেল। এরপরই নিশ্চিত হওয়া গেছে, তাদের সবাই করোনা নেগেটিভ।
করোনা পরীক্ষা নেগেটিভ হওয়ায় তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশে কোনো বাধা নেই। তবে এখনই টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারছেন না টেস্ট অধিনায়ক মোমিনুল ও অফ স্পিনার নাঈম হাসান। দুই জনেরই ইনজুরি সমস্যা রয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই তারা সুস্থ হয়ে যোগ দেবেন সতীর্থদের সঙ্গে।
আগামী ১০ জানুয়ারি দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজের জন্য গঠিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে ৪৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ২৪ জন ওয়ানডে ও ২০ জন টেস্টের জন্য ডাক পেয়েছেন। এর মধ্যে ১২ জনের নাম রয়েছে উভয় তালিকায়।



