ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারত সফরটা কিছুতেই উপভোগ করতে পারছেন না তারা। জৈব সুরক্ষা বলয়ে ক্লান্ত হয়ে উঠেছে দলটির ক্রিকেটাররা। তাদের বেলাতেই যতো নিয়ম। অথচ মাঠে বসে খেলা দেখতে বাধা নেই দর্শকদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন দ্বিচারিতা মেনে নিতে পারছে না ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। এরইমধ্যে তারা গোপনে জানিয়ে দিয়েছে- চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে কোনও ভাবেই রাজি নয়!
সেই গোপন তথ্যটাই উঠে এসেছে ক্রিকেটের নামী ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ। ওয়েবসাইটে টিম ম্যানেজম্যান্ট সুত্র জানাচ্ছে, ‘দেখুন, মাঠে দর্শক আসার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু যারা মাঠে খেলছে, তাদের পরে হোটেলে গিয়ে নিভৃতবাসে থাকতে হচ্ছে। অথচ কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরও এমনটা করা হচ্ছে। এভাবে চিড়িয়াখানার জীবজন্তুদের মতো থাকতে চাই না আমরা।’
অবশ্য করোনাভাইরাসের এই সময়ে অস্ট্রেলিয়ায় নিয়ম বেশ কড়াকড়ি। এটা শুরুতেই জানিয়েছিল তারা। নাম প্রকাশ না করে সেই কর্মকর্তা ক্রিকবাজ-কে বলেন, ‘আমরা শুরু থেকেই এনিয়ে বলে আসছি। বাকি অস্ট্রেলীয়রা যে নিয়ম মানে সেটা আমরাও মানতে রাজি। মাঠে যদি দর্শক প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে আমাদের নিভৃতবাসে থাকার একটা অর্থ থাকবে। পুরো উল্টো কাজকর্ম হচ্ছে এখানে।’
এরইমধ্যে ভারতের প্রত্যেক সদস্যের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এ অবস্থায় বাকি সফরে দল নিভৃতবাসে থাকতে রাজি নয়। সরকারি সমস্ত প্রোটোকল মেনে ‘সাধারণ অস্ট্রেলীয়’দের মতোই ঘোরাফেরা করতে চায় তারা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এটা মানছে না।
অস্ট্রেলিয়া সফরে ভারতের তৃতীয় টেস্ট সিডনিতে শুরু বৃহস্পতিবার থেকে। এরমধ্যে ব্রিজবেনে পরের টেস্ট নিয়ে চলছে জটিলতা। কুইন্সল্যান্ড রাজ্যে কোয়ারেন্টিনের যে নিয়ম- সেই প্রক্রিয়ায় ভারতীয় দল যেতে রাজি নয়। ভারতীয় টিম ম্যানেজম্যান্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিম থেকে তারা সবশেষ জানতে পেরেছেন, ব্রিজেবেনে গিয়ে তারা হোটেলের নিজ ফ্লোরের বাইরে যেতে পারবেন না।
অবশ্য অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানাচ্ছে, ভারতীয়দের জন্য নিয়ম একটু শিথিল করা হতে পারে। একটি ফ্লোরে বদ্ধ নয়- হোটেলে যে কোনো জায়গায় তাদের বিচরণের সুযোগ দেওয়া হবে তাদের!



