ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শনিবার হাসিমুখেই টস করতে নামেন তিনি। এরপর ব্যাট হাতে যথারীতি ওপেনও করেন তামিম ইকবাল। ১৭ বলে ১৯ রানে করে আউট। তবে ফিল্ডিংয়ে আর নামেননি। আসলে নামতে পারেন নি। হঠাৎ অসুস্থ বোধ করেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে খেলা বরিশাল ফরচুনের অধিনায়ক।
মাঠেই চিকিৎসকদের পরামর্শে হোটেলে ফিরেন তামিম। ম্যাচে বাকি সময়ে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করেন মেহেদি হাসান মিরাজ। আর দলও শেষ অব্দি জয় তুলে নেয়। বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়ে বরিশাল পেয়ে গেছে শেষ চারের টিকিট।
তবে দুঃসংবাদ দলের ক্যাপ্টেন অসুস্থ। তামিম শনিবার রাতে খবরটা দিলেন ফেসবুকে। নিজের অফিসিয়াল পেজে এই তারকা ওপেনার লিখেছেন, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।’
তামিম আরও যোগ করেন, ‘কালকে (রোববার) আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।’
টুর্নামেন্টের এলিমিনেটারিতে লড়বে বরিশাল। সোমবার সেই ম্যাচে তামিম খেলতে পারবেন কীনা নিশ্চিত নয়।



