ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের করোনা পরীক্ষায় সুখবর পেলেন সালমা খাতুন ও জাহানারা আলম। তাই এ দুই তারকা ক্রিকেটারের আর আইপিএল খেলতে যেতে কোন বাঁধা নেই। এজন্য বুধবার এ টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা।
দ্বিতীয় দফায় সোমবার করোনার নমুনা দিয়েছিলেন সালমা-জাহানারা। বুধবার সে রিপোর্টের ফল পেয়েছেন তারা নেগেটিভ। তাই বুধবার সকাল ১০টা ১০মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দুবাই যাবেন। সেখানে কয়েকদিন কোয়ারেন্টাইনে থেকে শারজায় দলের সঙ্গে যোগ দেবেন।
আরব আমিরাতের শারজায় আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত বসবে তিন দলের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। যেটি মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত। এবারও জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আর প্রথমবার এ টুর্নামেন্টে ডাক পাওয়া সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে। আসরের অপর দল সুপারনোভাস।
আগামী ৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নারী আইপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলবে জাহানারার ভেলোসিটি। প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরদিনই সালমা ও জাহানারার দল মুখোমুখি হবে।



